গাইবান্ধা সদর উপজেলার ৯নং খোলাহাটী ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় থাকায় চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ।
বিশেষ করে বর্ষা মৌসুমে কাদামাটি ও পানি জমে এসব সড়কে চলাচল প্রায় অচল হয়ে পড়ে, ফলে শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছায়।
এ পরিস্থিতিতে ইউনিয়নের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে জরুরি ভিত্তিতে সড়ক সংস্কার ও পাকা করণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুম হক্কানী।
চেয়ারম্যান জানান, ২০২১ সালের ডিসেম্বর মাসে দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি ইউনিয়নের উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছেন। এর মধ্যে রয়েছে রাস্তা, গাইড ওয়াল ও কালভার্ট নির্মাণ, বিভিন্ন এলাকায় টিউবওয়েল স্থাপন এবং কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ। পাশাপাশি সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের মাঝে স্বচ্ছতার ভিত্তিতে সহায়তা বিতরণ করা হয়েছে।
তবে এখনও ইউনিয়নের বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়ক কাঁচা অবস্থায় রয়েছে। এর মধ্যে মিয়াপাড়া থেকে ছয়ঘড়িয়া হয়ে মাঠ বাজার, কুমারপাড়া থেকে আন্দালের তারী, ময়নার বাজার থেকে আনালের তারী স্কুল এবং গাইবান্ধা ফিলিং স্টেশন থেকে ছয়ঘরিয়া পর্যন্ত সড়কগুলো দ্রুত সংস্কারের দাবি জানান তিনি।
স্থানীয়দের অভিযোগ, এসব সড়কে দীর্ঘদিন ধরে কোনো বড় ধরনের সংস্কার না হওয়ায় প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে অসুস্থ রোগী পরিবহন ও শিক্ষার্থীদের যাতায়াতে মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছে।
চেয়ারম্যান মাসুম হক্কানী বলেন, সরকারি বরাদ্দ বৃদ্ধি পেলে ইউনিয়নের অবশিষ্ট কাঁচা সড়কগুলো দ্রুত পাকা করা সম্ভব হবে। এতে সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই লাঘব হবে।
এছাড়াও চাকমাম রোজপুর বড়ঘাট জামে মসজিদ থেকে দসিজলের বাড়ি পর্যন্ত সড়ক পাকা করন, এবং কিশামত বালুয়া এলাকায় একটি সেতু নির্মাণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে, যাতে খোলাহাটী ইউনিয়নের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা যায় এবং মানুষের দুর্ভোগ দূর হয়।